নাগরিকত্ব বিল সংশোধনে মমতাকে পাশে চান মোদি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতে জাতীয় নাগরিকত্ব বিল সংশোধনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার পশ্চিমবঙ্গে দুটি পৃথক জনসভায় এই সহযোগিতা চান তিনি। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের আয়োজিত জনসভায় নরেন্দ্র মোদি নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করেন বিলে সমর্থন দেয়ার জন্য। এই জনসভা শুরু কিছু সময় পরই বিশৃঙ্খলা শুরু হয়। এসময় বেশ কয়েকজন আহত হন। পরে দুর্গাপুরের দ্বিতীয় সমাবেশে বিশৃঙ্খলার জন্য ক্ষমা চান নরেন্দ্র মোদি।
এদিকে, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির জনসভার পর প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, মোদি বাঙালি বিদ্বেষী। তিনি আসাম থেকে বাঙালিদের তাড়াচ্ছেন। উনি একটা দানবীয় প্রধানমন্ত্রী। সব গিলে খাচ্ছেন এক এক করে। উনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন, গোরক্ষা করার যোগ্য।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেন, আগে দিল্লি সামলান, তার পর এ রাজ্যের কথা ভাববেন। বাংলা পথ দেখাচ্ছে বলেই ওর এত রাগ। বাংলা থেকে তৃণমূল উচ্ছেদ অনেক দূরের ব্যাপার, দিল্লি থেকে বিজেপির উচ্ছেদের ব্যবস্থা যে শুরু হয়ে গেছে। মোদিকে ‘দুর্নীতির ঠাকুরদাদা’ বলেও মন্তব্য করে মমতা ব্যানার্জী।
একইদিনে পশ্চিমবঙ্গের এক জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতার বসানোর প্রয়োজন রয়েছে। কিন্তু অনুপ্রবেশ ঠেকানোর কোন আগ্রহ নেই পশ্চিমবঙ্গ সরকারের।
-জেডসি
