সিরিয়ার আলেপ্পোতে ভবন ধসে চার শিশুসহ নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ব্লক ধসে চার শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সালাহদিন অঞ্চলের ভয়াবহ এই ভবন ধসের ঘটনায় প্রাণে বেঁচেছেন একটি শিশু। বাকিরা ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মারা গেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ভবনটি আগে সিরীয় ও রুশ বিমান হামলা শিকার হয়। সিরিয়ায় এমন অনেক ধ্বংসাবশেষে ঝুঁকি নিয়ে বাস করছে স্থানীয়রা। কর্তৃপক্ষ ইতোমধ্যে অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করছে। সালাহদিন অঞ্চলে আরও কয়েকটি ভবনও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
২০১৭ সালে জাতিসংঘ প্রকাশিত স্যাটেলাইট তথ্যে বলা হয়েছিল, আলেপ্পোয় ৩৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার খুব অল্পসংখ্যকেরই পুননির্মাণ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে এএফপি।
প্রসঙ্গত, সিরিয়ার আলেপ্পো শহরটি চার বছর ধরে বিভক্ত ছিল। ২০১২ সালের গ্রীষ্মের শুরু থেকে পশ্চিমাংশ সরকারের নিয়ন্ত্রণে এবং পূর্বাংশ বিদ্রোহীদের দখলে ছিল। ২০১৬ সালে সিরিয়ার সেনাবাহিনী সেখানে মাসব্যাপী আক্রমণ চালিয়ে পুরো শহরটিকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিরিয়ায় প্রায় আট বছর ধরে চলা গৃহযুদ্ধে চার লক্ষাধিক মানুষ নিহত হয়েছে এবং দেশের বিস্তৃত অংশ ধ্বংস হয়ে গেছে।
-জেডসি
