ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১১:০০:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন আজ

প্রকাশিত : ০৫:০৯ এএম, ১২ অক্টোবর ২০১৩ শনিবার | আপডেট: ০৫:০৯ এএম, ১২ অক্টোবর ২০১৩ শনিবার

hasina-630স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা :  আজ শনিবার একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি চট্টগ্রামের ২৯টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যোগ দেবেন চট্টগ্রাম সেনানিবাস আয়োজিত দরবারে। বর্তমান সরকারের শেষ সময়ের এ সফরে কোন ধরণের জনসভায় বক্তব্য না দিলেও নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে আয়োজিত সুধি সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জানা গেছে, সুধি সমাবেশে চট্টগ্রামের উন্নয়ন নিয়েই বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা সমাবেশ স্থল পরিদর্শনে যান। নেতারা জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ পরিদর্শন করে সমাবেশের সার্বিক প্রস্তুতির খোঁজ খবর নেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুত রয়েছে চট্টগ্রাম। এ উপলক্ষে এরই মধ্যে নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরাদার করা হয়েছে। পাশাপাশি সড়ককের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে লাগানো হয়েছে ডিজিটাল ব্যানার ও পোস্টার। জানা গেছে, শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে চট্টগ্রাম ১৮ ইঞ্জিনিয়ার্স প্রশিক্ষণ মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সড়ক পথে বহদ্দারহাট ফ্লাইওভার উদ্বোধন করার জন্য যাবেন। বহদ্দারহাট ফ্লাইওভার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করবেন। এরপর অন্যান্য উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং সুধি সমাবেশে যোগ দিতে জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ ময়দানে যাবেন। সমাবেশ শেষে সড়ক পথে পুনরায় চট্টগ্রাম সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে সেনানিবাস আয়োজিত দরবারে যোগদান করবেন। সেনানিবাসে যোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর প্রধানমন্ত্রী বাংলাদেশ মিলিটারী একাডেমির (বিএমএ) উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধনের পর পতেঙ্গা যাবেন তিনি। দরবারে যোগদানের পর বাংলাদেশ নেভাল একাডেমির হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে নগরীর লালখান বাজার জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সুধি সমাবেশে বক্তব্য দেয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্সিজেন-কুয়াইশ সড়ক, দেওয়ানহাট ওভারপাস, সল্টগোলা কর্মজীবি মহিলা ডরমেটরি, ঢাকা ট্রাংক রোড (অলংকার থেকে দেওয়ানহাট), আরাকান রোড, হাটহাজারী রোড (অক্সিজেন-অলিখাঁ মসজিদ), পাঠানটুলি রোড, কলেজ রোড (গণি বেকারি-অলিখাঁ মসজিদ), সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজ, বিপণি বিতান বি-ব্লক (দশম তলা) এবং ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় শিক্ষা কমপ্লেক্স উদ্বোধন করবেন। এছাড়া পটিয়া পৌরসভা, রাউজান উপজেলায় ২৫ মেগাওয়াট ডুয়েল ফুয়েল বিদ্যুৎ প্লাণ্ট, রাঙ্গুনিয়া উপজেলায় শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকো পার্ক, রাউজানে মহাকবি নবীন চন্দ্র সেন স্মৃতি কমপ্লেক্স, সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাটের জেটি, মিরসরাই উপজেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার, পটিয়ায় গোবিন্দরখালী সুপার মার্কেট কাম কমিউনিটি সেন্টার, ফটিকছড়ি উপজেলার ফতেহপুর কমিউনিটি সেন্টার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও নগরীর বিবিরহাটে আধুনিক খাদ্য পরীক্ষাগার, চান্দগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, রিজবিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা বহুমুখি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, বাঁশখালী বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, পটিয়া পৌরসভা বাস টার্মিনাল ও পটিয়া পৌর অডিটরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ১২ অক্টোবর’২০১৩