রাজধারীতে অপহৃত তরুণী উদ্ধার, আটক ২
প্রকাশিত : ০৭:৪২ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ০৭:৪২ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানী ঢাকার অদূরে ডেমরা থেকে অপহৃত এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) সদস্যরা তাকে উদ্ধার করে। এ সময় মুক্তিপণের নগদ অর্থসহ অপহরণ চক্রের দুই সদস্যকেও আটক করা হয়। আটক দু’জনের নাম-ইলিয়াস (২৮) ও নজরুল (২৬)।
বৃহস্পতিবার (২৮ মে) দিনগত রাত সাড়ে তিনটার দিকে ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তরুণীর নাম মেঘলা (১৯)। সে একজন বুদ্ধি প্রতিবন্ধী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১০’র সিপিসি ওয়ানের স্কোয়াড্রন কমান্ডার এএসপি রাসেলুর রহমান জানান,গত ২৬ মে মেঘলাকে অপহরণ করা হয়। এরপর তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তিনি বলেন,বৃহস্পতিবার (২৮ মে) এ ব্যাপারে তরুণীর ভাই র্যাবের কাছে অভিযোগ করে। এরপরই গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বক্সনগর এলাকা থেকে মেঘলাকে উদ্ধার করে র্যাব-১০’র একটি দল। এ সময় নগদ ১৩ হাজার টাকাসহ দুই অপহরণকারীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া নেওয়া হবে বলেও জানান এএসপি রাসেলুর রহমান।
২৯.০৫.২০১৫
