ফ্রান্সে ভবনে আগুন লেগে ৭ জনের মৃত্যু, দগ্ধ ২৮
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম প্যারিসে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন দমকল কর্মীসহ আহত হয়েছেন কমপক্ষে আরো ২৮ জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় সোমবার রাতে প্যারিসের অভিজাত এলাকা ষোড়শ আহদিসমোর নয়তলা একটি ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম এএফপি এ খবর জানিয়েছে।
ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, ভবনের আটতলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ভবনটির আট ও নয়তলায় আগুন ছড়িয়ে পড়লে সাতজন প্রাণ হারায়। দুর্ঘটনার পরপরই শুরু হয় আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা। ইতিমধ্যে বহু লোকজনকে ভবন থেকে বের করে আনা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালেও প্রায় ২০০ দমকলকর্মী ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছেন।
তিনি আরও জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দগ্ধ ২৮ জনের মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মীও রয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: বিবিসি ও এএফপি
-জেডসি
