শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার মোদির
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২৩ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মেয়াদে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন। খবর বাসস
আজ সাক্ষাতের সময় ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক গত কয়েক বছরে আরও উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার বিষয়ে তার প্রতিশ্রুতি আজ পুনর্ব্যক্ত করছি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার ড. মোমেনকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী এবং প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নেয়ার প্রশংসা করেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির বিষয় অবহিত করেন।
আবদুল মোমেন আগামীকাল অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ৫ম বৈঠকে যোগ দিতে গতরাতে নয়াদিল্লী পৌঁছেছেন। এ সফরে তিনি উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
জেসিসি বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই সফরে দু’দেশের মধ্যে দুর্নীতির তদন্ত, টেলিভিশন সম্প্রচার ও ওষুধ স্থাপনাসহ ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী গতকাল ঢাকায় বাসসকে বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ভারতের কাছে আরও সহায়তা চাইবে।
সরকারি কর্মসূচি ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লীতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
তিন দিনের সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী আগামী শনিবার সকালে ঢাকার উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন।
সর্বশেষ জেসিসি বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায় ২০১৭ সালের ২২ ও ২৩ অক্টোবর। এতে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সুষমা স্বরাজ।
-জেডসি
