রাজধানীতে হঠাৎ বৃষ্টি, শীতল বাতাস
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
শীত যখন যাই যাই করছে ঠিক তখন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মৃদু বাতাস আবারও ফিরিয়ে এনেছে হালকা শীত।
রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ফোটা ফোটা বৃষ্টির খবর পাওয়া গেছে। গতকাল রাত থেকে আকাশটাও ছিল গুমোট। শুক্রবার রাত ১০ টার পরে ঢাকায় দমকা হাওয়া বয়ে যায়। সেই রেশ ধরে শনিবার সকালেও আকাশ মেঘলা ছিল।
মালিবাগ, রামপুরা, শাতারকুল, মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় হালকা বৃষ্টি হলেও বেশি সময় স্থায়ী ছিল না। তবে ঢাকার বাইরে রাজশাহী ও দিনাজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল।
এদিকে ঋতুরাজ বসন্তের আগমন হতে না হতেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরও। বলা হয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে, সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও।
তারা বলছে, শুক্রবার সন্ধ্যা থেকেই আকাশ মেঘলা ছিল। দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। শুক্রবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পশ্চিমা লঘু চাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩২ দশমিক ৮ ডিগ্রি এবং আজকের সর্বনিন্ম তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ১২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫০ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬টা ৩৫ মিনিটে।
