শিশুকন্যাকে হত্যা করে পাতিলে লুকিয়ে রাখলো বাবা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ভেতর একটি পাতিলে লুকিয়ে রেখেছিল পাষণ্ড বাবা। নিহত মনিরা স্থানীয় হাজী মোহাম্মদ আলী প্রি-ক্যাডেট স্কুলের প্লে শ্রেণির ছাত্রী ছিল।
রবিবার বিকেল থেকে শিশুটি নিখোঁজের তথ্য পেয়ে পুলিশ তাদের ঘরে তল্লাশি চালায়। পরে রাত ১০টার দিকে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় পাতিলের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের বাবা রবিকুল ইসলাম পলাতক থাকলেও সোমবার ভোরে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক জেরে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে পাষণ্ড বাবা পালিয়েছে।
মনিরার মা-বাবার মধ্যে দীর্ঘদিন যাবৎ পরকীয়া সংক্রান্ত জেরে ঝামেলা চলছিল। রবিকুলের বাড়ি কাপাসিয়ায়। কেওয়া দক্ষিণখণ্ড এলাকায় ভাড়া বাড়িতে থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতো তারা। শিশুটির মরদেহ উদ্ধারের পর অভিযান চালিয়ে ভোরে ঘাতক বাবাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-জেডসি
