উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়তে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বপ্নই দেখতেন। আর তা বাস্তবায়নে কাজ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।
মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৯তম জাতীয় সম্মেলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশের শান্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে এই বাহিনীকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ৪১টি ব্যাটালিয়নে পার্বত্য ও সমতলে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে আনসার বাহিনী। নিরাপত্তার দায়িত্ব দক্ষতার সাথে পালন করছে এ বাহিনী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ হাজার ১৮৩ টি ভোটকেন্দ্রে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছে তারা। তাদের অংশগ্রহণে ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে। এ দায়িত্ব পালন করতে গিয়ে ৫ জন আনসার বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন।
এ বাহিনীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ৯৬ সালে সরকারে এসে আমরা নানা পদক্ষেপ নিয়েছি, ৯৮ সালে তাদের জাতীয় পতাকা দিয়েছি। বিসিএস ক্যাডারে উন্নিত করা হয়েছে। জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখায় আনসার বাহিনীর যেকোনে সমস্যা সমাধানে আওয়ামী লীগ সরকার মনোযোগী। আনসার ভিডিপি ব্যাংক তৈরি করে দিয়েছি আর্থিক স্বচ্ছলতার জন্য।
প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন ক্ষেত্রে আনসার বাহিনী যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। তারা বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে।
আনসার বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংকটকালে ও জরুরি মুহূর্তে আপনারা দক্ষতা ও সফলতার পরিচয় দিয়েছেন। প্রতিবছর জাতীয়, সামাজিক ও ধর্মীয় উৎসবে ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার সদস্যরা নিরাপত্তা দিতে এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সবসময় সজাগ থাকার আহ্বান জানান।
এছাড়া ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারকে প্রথম গার্ড অব অনার দেয়ায় আনসার বাহিনীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
-জেডসি
