ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:৪৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত। আজ পহেলা ফাল্গুন-ঋতুরাজ বসন্তের প্রথম দিন। রাজধানীসহ সারাদেশে নানা আয়োজনে চলছে বসন্ত বরণ।

বছর ঘুরে প্রকৃতিতে আবারো রংয়ের ছোঁয়া। ফাল্গুনের প্রথম প্রহর থেকে চারুকলার বকুলতলায় চলছে বসন্ত বরণ উৎসব। শীতের রুক্ষতা শেষে ঋতুরাজ বসন্ত প্রকৃতিতে এনেছে সবুজের রাজত্ব। জেগে উঠেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম। পাখির কলরব কর্মব্যস্ত বাঙালিকে মনে করিয়ে ফাগুন এসেছে।

চারুকলার বকুলতলায়, তাই বসন্ত বরণের উৎসবের টানে, দালানের খোলস ছেড়ে বাসন্তী সাজে জড়ো হয় নগরবাসী। সুরের সম্মোহনে বকুলতলায় ফাল্গুনের প্রথম প্রহরে মিলে মিশে একাকার প্রকৃতি আর মানুষ। নাচে গানে ঋতুরাজের বন্দনা করেন শিল্পীরা।

বসন্তের ডাকে সাড়া দিয়ে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ছুটে এসেছেন তরুণ-তরুণী, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। এখানে বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন গানে ও নৃত্যের তালে তালে বসন্তকে অভিনন্দন জানিয়েছে। 

প্রকৃতির পাশপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে। বড়দের সঙ্গে শিশুরাও এসেছে উৎসবের রঙ মাখতে। শাহবাগ থেকে শহীদ মিনার এলাকা পর্যন্ত দিনব্যাপী নানা উৎসবমুখর আয়োজন চলবে। 

এবছর মাঘের শেষ সপ্তাহেই টের পাওয়া গেছে ফাগুনের চপলতা। না বলেই শীত উধাও হয়েছে বসন্তের মাতাল আবেশে। গাছে গাছে ফিরে এসেছে চিরায়ত প্রাণের দ্যোতনাভরা সবুজ। নবরূপে জেগেছে পত্র, পুষ্প, পল্লব।