চট্টগ্রামে ৩২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৩:৪৬ এএম, ১৩ অক্টোবর ২০১৩ রবিবার | আপডেট: ০৩:৫৪ এএম, ১৩ অক্টোবর ২০১৩ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম
চট্টগ্রাম : শনিবার চট্টগ্রামে প্রধানমন্ত্রী বহদ্দারহাট ফ্লাইওভারসহ ৩২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চট্টগ্রামের যানজট নিরসনে প্রথমবারের মতো নির্মিত বহদ্দারহাট ফ্লাইওভারকে প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ মান্নান ফ্লাইওভার ঘোষণা করে প্রধানমন্ত্রী। এসময় তিনি নগরী মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার ফ্লাইওভার আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে নামকরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তুখোড় ছাত্র নেতা হিসেবে পরিচিত আমাদের মান্নান ভাই। তাই তার নামে বহদ্দারহাট ফ্লাইওভারের নাম করণ করা হলো। এছাড়া নগরীর মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটারের যে ফ্লাইওভার নির্মাণ করা হবে সেটির নাম হবে আখতারুজ্জামান ফ্লাইওভার।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মান্নান ভাই ও বাবু ভাইয়ের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাদেও অবদানের কথা ভোলা যাবে না।
প্রধানমন্ত্রী বলেছেন, বহদ্দারহাট ফ্লাইওভার চট্টগ্রামবাসীর জন্য ঈদ উপহার।
ফ্লাইওভার উদ্বোধন শেষে জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদ ময়দানে এক সুধি সমাবেশে ভাষন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চট্টগ্রামবাসীর কাছে আবারো নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, আমি যতোবার চট্টগ্রাম এসেছি ততোবার টুঙ্গিপাড়াও যাইনি। চট্টগ্রামের প্রতি আমার যে আন্তরিকতা তা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে।
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারের কাছ থেকে আমাদের সমুদ্রসীমা জয় করেছি। ভারতের সঙ্গেও সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি নিয়ে মামলা চলছে। ২০১৪ সালে এই মামলার রায় হতে পারে। আশা করছি এই রায়ও আমাদের পক্ষে আসবে।
সকাল ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সম্বলিত মুক্তিযুদ্ধের টেরাকোটা ম্যুরালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 