ঢাকা, শনিবার ১১, জুলাই ২০২৬ ২১:৪০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রেসিং কার চালিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন সৌদি তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

রেসিং কার চালিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন সৌদি তরুণী রীমা

রেসিং কার চালিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন সৌদি তরুণী রীমা

পৃথিবীতে একমাত্র সৌদি আরবেই মেয়েদের গাড়ি চালানো নিষেধ ছিল। যে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে মাস কয়েক আগে। যে দেশে এই সে দিন পর্যন্ত মেয়েদের গাড়ি চালানো নিষেধ ছিল, সে দেশেরই এক মেয়ে এবার রেসিং কার চালিয়ে তাক লাগিয়ে দিলেন।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে দেশের কর্ণধার রাজা সালমান ঘোষণা করেন, মেয়েদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এর পরই মুক্তির হাওয়া দেখে সৌদির নারীরা।

২০১৮ সালের ২৪ জুন মধ্যরাতে রিয়াদের রাস্তায় ইতিহাস সৃষ্টি হয়। কয়েক দশকের নিষেধের বাধা অতিক্রম করে ছুটে চলে গাড়ি, যার স্টিয়ারিং এক নারীর হাতে। এবার রেসিং কারের স্টিয়ারিং হাতে নিলেন রীমা আল জুফালি।

জুনে লাইসেন্স পাওয়ার পর অক্টোবরেই প্রথম রেসে অংশ নেন রীমা। কলেজে পড়তে পড়তেই ফর্মুলা ওয়ানের অনুরাগী হয়ে উঠেছিলেন রীমা। তার পর রেসিং কার লাইসেন্সের জন্য আবেদন। ফর্মুলা কার রেসিং স্কুলে পাঠ নিয়েছেন তিনি।

২৬ বছরের রীমার বাড়ি জেদ্দাতে। দেশের বাইরে তিনি স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। ফিরে এসে রেসিং শুরুর ইচ্ছে ছিল তাঁর।

শুধু মাত্র গাড়ি চালানোই নয়, কার রেসিংয়েও যে সে দেশের মেয়েরা কারও চেয়ে কম নয়, সেটা প্রমাণ করতেই তাঁর এই পদক্ষেপ, জানান রীমা।

রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পরিবারকে চার বছর ধরে বুঝিয়ে রাজি করিয়েছেন রীমা।

তিনি বলেন, যত জন তাঁর কাজের বিরোধিতা করেছেন, তার দশ গুণ মানুষ তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন।

জিটি ৮৬ কার দিয়ে প্রথম রেসিং শুরু করেন তিনি। ডিসেম্বরে জিতেছেন একটি রেস। সিঙ্গল সিটারে রেস করেছেন তিনি।