ভ্যাটিকান রাষ্ট্রদূতের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
এবার ফ্রান্সে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত লুইজি ভেনচুরার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এরিমধ্যে এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৭ জানুয়ারি প্যারিসের টাউন হলে এক অনুষ্ঠানে তার অধস্তন এক কর্মকর্তাকে যৌন নিপীড়ন করেন ৭৪ বছর বয়সী ভেনচুরা । ওই অনুষ্ঠানে শহরের মেয়রের নববর্ষের ভাষণ শুনতে উপস্থিত ছিলেন কূটনীতিকরাসহ ধর্মীয় নেতা ও সুশীল সমাজের নাগরিকরা।
২৪ জানুয়ারি মেয়রের কার্যালয়ে ভেনচুরার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এর পরদিনই ফ্রান্স কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আর্চবিশপ ভেনচুরা ১০ বছর রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
সম্প্রতি ধর্মযাজকদের বিরুদ্ধে একের পর এক যৌন নিপীড়নের অভিযোগের মধ্যে এ ঘটনা নতুন মাত্রা যোগ করল। সিটি হলের এক কর্মকর্তা বলেছেন, “অনুষ্ঠান চলার সময় ভেনচুরা বার বার সেখানকার এক তরুণ কর্মচারীর নিতম্বে হাত দিচ্ছিলেন। একবার একজনের সামনেও তা করেন তিনি।” রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত সপ্তাহেই গির্জার ধর্মযাজকদের হাতে নানদের যৌন নিপীড়নের শিকার হওয়ার স্বীকারোক্তি দিয়েছেন।
-জেডসি
