উপজেলা নির্বাচনে বড় দল অংশ না নেয়া হতাশাজনক: সিইসি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা হতাশাজনক। তবে সার্বিকভাবে অংশগ্রহণমূলক না হলেও, আমি বিশ্বাস করি এ নির্বাচন প্রতিযোগিতামূলক হবে।
রবিবার সকালে আগারগাঁও ইটিআই ভবনে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, অনেকগুলো বড় রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা আমাদের জন্য অবশ্যই একটা হতাশাব্যঞ্জক খবর। আমরা সবসময় চেয়েছি, নির্বাচন প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক এবং সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে এই স্থানীয় নির্বাচনে দলের মধ্যে অথবা বাইরে অনেক যোগ্য লোক থাকেন, যারা নির্বাচনে প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই।
সিইসি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, আপনাদের কোনো আচরণের কারণে যদি নির্বাচন ব্যাহত হয়, বিঘ্নিত হয়, সেটা কিন্তু আমরা কঠোরভাবে দমন করব। আপনারা কেবল আইন কানুনের ভিত্তিতে নিরপেক্ষভাবে নির্বাচন করবেন। আপনাদের কোনো দল নেই, মত নেই, রাজনৈতিক দলকে কোনো পরামর্শ দেয়ার সুযোগ নেই।
তিনি বলেন, নির্বাচনে প্রার্থীর পোলিং এজেন্টরা গুরুত্বপূর্ণ। তাদের আশ্বস্ত করবেন যে তারা কেন্দ্রে দায়িত্বপালনের পর রেজাল্ট সিট নিয়ে নিরাপদে ফিরে যেতে পারবেন। তারা যাতে নিরাপদে কেন্দ্রে আসতে পারেন; সে ব্যবস্থা করবেন। তবে এজেন্ট দেবে প্রার্থী। অনেক সময় অনেক দুর্বল প্রার্থী এজেন্ট দিতেও পারে না। আপনাদের কাজ হলো এজেন্ট দিলে তাদের নিরাপত্তা দেয়া।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনেক সময় অনেকে আচরণবিধি লঙ্ঘন করে থাকেন জেনে বা না জেনে। অনেক সময় দেখা যায় রাজনৈতিক দল বা প্রার্থীর জানার বাইরে অথবা তার সম্মতির বাইরে উৎসাহী লোক বা কোনো সমর্থক এগুলো করে থাকেন। এগুলোর ব্যাপারেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে।
