যুক্তরাজ্যের লেবার পার্টির তিন নারী এমপিসহ ৭ জনের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:২৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা জেরোমি কর্বিনের ব্রেক্সিট ও ইহুদি-বিরোধী দৃষ্টিভঙ্গির প্রতিবাদে ব্রিটিশ লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন তিন নারীসহ সাতজন এমপি।
নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে ব্রিটিশ লেবার পার্টি থেকে তিন নারী পদত্যাগ করেছেন সাত সংসদ সদস্য। ব্রেক্সিট ইস্যুতে জেরোমির সঙ্গে একমত না হওয়া ও তার ইহুদি বিদ্বেষের অভিযোগে দলটি থেকে পদত্যাগ করেছেন তারা। খবর বিবিসির
দলত্যাগ করা সাত এমপি হলেন- চুকা উমুন্না, লুসিয়ানা বার্জার, ক্রিস লেসলি, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গিপস, গেভিন শুকার এবং অ্যান কফি।
পদত্যাগের বিষয়ে লুসিয়ানা বার্জার জানান, দলটি এখন প্রাতিষ্ঠানিকভাবেই ইহুদি-বিরোধী হয়ে গেছে এবং এখানে আমি বিব্রত ও লজ্জিত বোধ করি। আজ সকালে আমরা কয়েকজন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছি। পদত্যাগের সিদ্ধান্ত খুবই কঠিন ও বেদনাদায়ক হলেও পদত্যাগ করা প্রয়োজন ছিল।
তিনি আরও বলেন, আমরা দেশের ভিন্ন ভিন্ন অংশের প্রতিনিধিত্ব করি, আমরা সবাই ভিন্ন ভিন্ন পটভূমি ও প্রজন্ম থেকে এখানে এসেছি। এরপরও আমাদের সবার চেতনা ও মূল্যবোধের জায়গা এক। আজ থেকে আমরা কোনো দলের নয়, বরং স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবেই সংসদে বসবো।
এ ঘটনায় হতাশা প্রকাশ জেরোমি কর্বিন বলেন, দলের যে নীতি ২০১৭ সালের নির্বাচনে লাখ লাখ মানুষের মধ্যে প্রেরণা জাগিয়েছে, সেই নীতির জন্য কাজ করে যেতে তারা ব্যর্থ হলেন।
জানা গেছে, ব্রেক্সিট নিয়ে আরেকটি গণভোটের সিদ্ধান্ত ও ইহুদীবিদ্বেষের অভিযোগ সামাল দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব ব্যর্থতার অভিযোগ এনে ক্ষুব্ধ লেবার পার্টির এক পক্ষ। জেরোমি কর্বিনের নেতৃত্বে দলের ভবিষ্যত নিয়ে দ্বিধান্বিত মডারেট এমপিরা।
গত সপ্তাহে শ্যাডো চ্যান্সেলর ক্রিস লেসিলি বলেন, ইইউ ত্যাগ নিয়ে লেবার পার্টির ঐক্যবদ্ধ অবস্থান না থাকাটা দুঃখজনক। তিনি বলেন, আমি মনে করি লেবার পার্টির নেতারা আমাদের বোকা বানাচ্ছেন।
রবিবার শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল বলেন, এই মুহূর্তে এমপিদের বেরিয়ে যাওয়ায় ১৯৮১ সালের এসডিপি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। সেসময় লেবারের ভোট বিভক্ত হয়ে যাওয়ায় অনেক বছর ধরে ক্ষমতায় ছিলেন মার্গারেট থ্যাচার।
তবে দলত্যাগী নেতারা নতুন দল গঠন করছে না বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। স্বতন্ত্র এমপিদের অংশ হিসেবে তারা পার্লামেন্টে বসবেন।
-জেডসি
