ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৮:৫৫:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাদ অনুসারীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হচ্ছে মুসলিম জাহানের দ্বিতীয় ধর্মীয় সমাবেশ তবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমা। 

সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এ মোনাজাত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। তা পরিচালনা করবেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি ও ইজতেমার জিম্মাদার মাওলানা শামীম আহমদ। তার আগে হবে হেদায়েতি বয়ান। 

এদিকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষেও পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। গত রবিবার বাদ ফজর ভারতের মাওলানা মো. ইকবাল হাফিজের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় অংশের আনুষ্ঠানিকতা।

তার পর শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শোনে ও নফল নামাজ, তসবিহ-তাহলিল, জিকির-আসগারে গতকাল দ্বিতীয় দিন শেষ করেন ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। তবে প্রথম দিন সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টির হানায় ইজতেমা ময়দানে অবস্থানরত মুসল্লিরা পড়েন চরম দুর্ভোগে। বৈরী আবহাওয়ায় জবুথবু হয়ে প্রায় তিন ঘণ্টা পার করতে হয়েছে তাদের। ভিজে একাকার হয়ে যায় সঙ্গে থাকা মালসামান। অনেকে রান্নাবান্নাও করতে পারেননি সেদিন।

তবে দুর্ভোগ উপেক্ষা করেই ময়দানে অবস্থান নেন তবলিগ জামাতের সাদপন্থি মুসল্লিরা। এদিকে গতকাল মাঠ প্রস্তুতিতে সময় কম পাওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ইজতেমা আরও এক দিন বাড়ানোর অনুরোধ জানান মুরব্বিরা। পরে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করে সময় বাড়ায়।