সাকিরা পারভীন, ফাতিমা রুমিসহ তিনজন পেলেন কালি ও কলম পুরস্কার
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ৩১ মে ২০১৫ রবিবার | আপডেট: ০৪:৫৩ পিএম, ৩১ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪ পেয়েছেন সাকিরা পারভীন, ফাতিমা রুমি ও এম আবদুল আলীম। ‘বৃষ্টির মাতলামি’ কাব্যগ্রন্থের জন্য কবিতা বিভাগে সাকিরা পারভীন; ‘আমি অনিন্দিতা’ উপন্যাসের জন্য ছোটগল্প ও উপন্যাস শাখায় ফাতিমা রুমি এবং প্রবন্ধ, ‘পাবনায় ভাষা আন্দোলন’ গবেষণাগ্রন্থের জন্য গবেষণা ও নাটক বিভাগে এম আবদুল আলীম এই পুরস্কার পান।
সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে তিন কবি ও লেখকের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার হিসেবে লেখকদের প্রত্যেককে এক লাখ টাকা, স্মারক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের বরেণ্য কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথাশিল্পী ইমদাদুল হক মিলন। সভাপতিত্ব করেন কালি ও কলমের সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কালি ও কলমের সম্পাদকমন্ডলীর সদস্য লুভা নাহিদ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত তরুণ লেখকদের নাম ঘোষণা ও প্রশংসাবচন পাঠ করেন অধ্যাপক বিশ্বজিত ঘোষ।
সমরেশ মজুমদার বলেন, পুরস্কারের আশা করে কেউ লেখালেখি করে না। তবে লিখে যখন কেউ পুরস্কার পায় তখন ওই পুরস্কার তাদের জন্য অনুপ্রেরণাদায়ক হয়।
তিনি আরও বলেন, আমি আশা করব আজকে যাঁরা পুরস্কার পেলেন তারা নিশ্চয় পাঠকের কাছে পৌঁছাবেন এবং পাঠকরাও নিশ্চয়ই বলবেন এই আমাদের লেখক।
ইমদাদুল হক মিলন বলেন, চারদিক যখন সাহিত্য পত্রিকার দুর্দিন, তখন নিষ্ঠার সঙ্গে কাজ করছে কালি ও কলম। প্রায় একযুগ ধরে পত্রিকাটি সুনামের সঙ্গে সাহিত্য সেবায় নিবেদিত। সাহিত্যের জন্য তারা যে কাজটি করছে, তা নিঃসন্দেহে দুঃসাহসিক কাজ।
উল্লেখ্য, তরুণ কবি ও লেখকদের সাহিত্যচর্চা ও সাধনায় গতি সঞ্চারের লক্ষ্যে পত্রিকাটি ২০০৮ সাল থেকে পুরস্কার প্রদান করছে।
৩১.০৫.২০১৫ 