কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা সময়ের ব্যাপার: সুবর্ণা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
একুশের রাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে রাজধানীর চকবাজার এলাকা। সময় যতই যাচ্ছে লাশের সংখ্যাও বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই চলছে লাশের সন্ধান। একের পর এক ব্যাগ ভর্তি করে লাশ বের করা হচ্ছে। ইতিমধ্যে ব্যাগে ভর্তি করে ৭০ জনের মৃতদেহ বের করা হয়েছে। নিহতদের মধ্যে ৬১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারটি শিশু রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।আগুনে নিহতদের অধিকাংশকেই শনাক্ত করা সম্ভব হয়নি। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ; খোঁজ নেই অনেকের।
অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদেহের সংখ্যা বেড়েই চলছে। কান্নায় ভারী হয়েছে আকাশ-বাতাস। স্বজন হারানোর ব্যথায় ব্যথিত অনেকেই। কেউবা প্রিয়জনের ছবি হাতে নিয়ে হাসপাতালের গেটে রয়েছেন অপেক্ষায়।
সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকাও দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যথাভরা সেই মনের কথা ব্যক্ত করছেন।
জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য সুবর্ণা মুস্তাফা ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘এক রাতের ভেতর ঢাকা শোকের শহর। নিমতলী ট্রাজেডির পর এবার চকবাজার..। ভারী হয়ে গেছে পুরনো ঢাকার বাতাস স্বজন হারানোর আর্তনাদে...। পুরনো ঢাকার পুনর্বাসন না হলে, রাসায়নিক কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা কেবল সময়ের ব্যাপার।
রাজধানী চকবাজার এলাকায় আগুনে এখন পর্যন্ত অন্তত ৭০ জন মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-জেডসি
