ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ৬:১০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোগীদের আপনজনের মতো সেবা দিতে নার্সদের প্রতি আহবানঃ বিএসএমএমইউ উপাচার্য

প্রকাশিত : ০২:২৪ পিএম, ১ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০৩:০১ পিএম, ১ জুন ২০১৫ সোমবার

kamrulস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নিজ হাতে ওষুধ খাওয়ানোসহ রোগীদেরকে আপনজনের মতো সেবা দিতে নার্সদের প্রতি আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। তিনি বলেন, রোগীদেরকে সুস্থ করে তুলতে নার্সদের ভূমিকা চিকিৎসকদের তুলনায় কোনো অংশেই কম নয়; বরং কোনো কোনো ক্ষেত্রে নার্সদের ভূমিকা বেশি। তাই নিজ হাতে রোগীদেরকে ওষুধ খাওয়ানো, হাসিমুখে কথা বলা, খোঁজ-খবর নেয়া, ড্রেসিং করানো, নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, চিকিৎসকসহ সংশ্লিষ্ট অন্য সকলের সঙ্গে সুন্দর বোঝাপড়া ও সুসম্পর্ক রাখা ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্যসেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও অপরিহার্য নার্সিং পেশার মর্যাদা রক্ষা করতে হবে। কামরুল হাসান আজ সোমবার বিএসএমএমইউ’র এ ব্লকের ক্লাসরুমে নার্সদের সেবার মান ও দক্ষতা বাড়াতে ‘মেডিকেল ইথিকস ফর নার্সিং প্রফেশন ফর প্যাশেন্ট কেয়ার এট বিএসএমএমইউ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অফিসের উদ্যোগে ৬ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে কর্মশালায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সকাল ৯টায় বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে আইটি সেল-এর উদ্যোগে ‘সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সেমিনার পরিচালনা করেন আইটি সেল-এর পরিচালক অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য দ্বয়, কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে ‘ইনস্টিটিউশনালাইজেশন অফ ইমিডিয়েট পোস্ট-পার্টুম আইইউডি সার্ভিসেস : বাংলাদেশ অফ এফআইজিওপিপিআইইউডি প্রজেক্ট’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ৩১.০৫.২০১৫