বাংলাদেশসহ বিভিন্ন দেশের পররাষ্টমন্ত্রীকে সুষমার ফোন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে, মঙ্গলবার পাকিস্তানে পরিচালিত বিমান হামলার বিষয়ে আলোচনা করতেই তিনি টেলিফোন করেছেন।
ভারতীয় সরকারি সূত্র আরো জানায়, ফোনালাপে বাংলাদেশ, সিঙ্গাপুর ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদেরও তিনি জইশ ই মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালানোর বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। তবে এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কিছু জানায়নি। সুষমা স্বরাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জানিয়েছেন, ভারত শুধুমাত্র জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিকেই লক্ষ্য বানিয়েছে। এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে তিনি বলেছেন, প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা থেকেই ভারত ওই বিমান হামলা চালিয়েছে।
এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। ভারত সরকারের সংশ্লিষ্ট সূত্রটি দেশটির সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, সুষমা স্বরাজ ভারতের বিরোধী দলের নেতাদেরও হামলার বিষয়ে অবহিত করেছেন।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামাতে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারিয়েছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মিরের ভেতরে বোমাবর্ষণ করে। ভারত জানিয়েছে, জইশ-ই-মোহাম্মদ জঙ্গি সংগঠনের ঘাঁটিই ছিল তাদের লক্ষ্য।
-জেডসি
