সাংবাদিক শাহ আলমগীরের ইন্তেকালে প্রধানমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক, বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় সাংবাদিকতা ক্ষেত্রে শাহ আলমগীরের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।
শাহ আলমগীরের কর্মজীবনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামেও তিনি সবসময় সোচ্চার ছিলেন।
শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শাহ আলমগীর আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
