ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:২৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিরিয়া: রক্ত মাখা নিষ্পাপ শিশুর দৃষ্টি এবং বিশ্ব বিবেক 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

ধসে গিয়েছে বাড়ি। পাশে পড়ে রয়েছে বোনের নিথর দেহ। সেই ধ্বংসস্তূপের মধ্যেই আতঙ্কে ভরা দু’টো নিষ্পাপ চোখ চেয়ে রয়েছে। রক্তে ঢাকা মুখ-হাত।

বিদ্রোহীদের দখলে থাকা উত্তর পশ্চিম সিরিয়া। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনা নিত্যদিন সেখানে অভিযান চালায়। বলি হয় সাধারণ জনতা। মঙ্গলবার পর্যবেক্ষক দল জানিয়েছে, তুরস্ক সংলগ্ন খান শেইখাউন শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার বাসিন্দা।

আসাদ সেনার সাম্প্রতিকতম বিমান হামলায় অন্তত তিন শিশু-সহ পাঁচ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম অসংখ্য। তাদের মধ্যেই ছিল ছোট্ট আসিল কাতরান। উদ্ধারকারীরা তাকে ধ্বংসস্তূপের মধ্যে থেকে বার করেন।

পাশেই পড়ে ছিল বোনের দেহ। ধুলো-ইঁট, সুরকির গুঁড়োতে ঢেকেছে নীলচে সোয়েটার। হাত-মুখ ভাসিয়ে দেওয়া রক্ত শুকিয়েছে মুখেই। স্থির দু’চোখ আতঙ্ক আর শূন্যতায় ভরা।

এ তো গেল ভয়াবহতার একটা দৃশ্য। একটু চোখ ফেরালেই দেখা যাবে একরত্তি সন্তানের দেহখানা বুকে চেপে হাহাকার করছেন বাবা। মর্গে নিয়ে যাওয়ার আগে নিথর পা দু’টো নিজের মুখে চেপে ধরছেন সন্তানহারা। এমনই অসংখ্য টুকরো টুকরো কোলাজেরই নাম এখন খান শেইখাউন শহর।

গত দশ দিন ধরে উত্তর পশ্চিম অংশে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে সিরীয় সেনা। চলছে অবিরাম শেলিং, বিমান হামলা। সূত্রের খবর, ইদলিব ও উত্তর সিরিয়া সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ১৩টি বিমান হামলা চালিয়েছে সিরীয় সেনা। সিরিয়ায় আসা ব্রিটেনের মানবাধিকার পর্যবেক্ষক দলের ডিরেক্টর রামি আবদুলরহমান জানান, দামাস্কাস-আলেপ্পো আন্তর্জাতিক রোড-কে নিশানা করেই বেশি বোমা ফেলছে আসাদ-বাহিনী। আর এ সবের জেরে খান শেইখাউন এখন ভুতুরে শহর। সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়, হামা প্রদেশের উত্তর অংশের বেশ কয়েকটি শহরে রকেট ছোড়ে বাহিনী। যার জেরে এক নাগরিকের মৃত্যু হয়েছে।

ইদলিবে ভারী অস্ত্র ব্যবহারের উপরে রাশ টানা নিয়ে গত বছরই রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছিল। তবে সে চুক্তি ভেঙে বারবারই আঘাত হেনেছে আসাদ বাহিনী। এ নিয়ে মস্কোও বেশ কয়েক বার অভিযোগ তুলেছে।

সূত্র : আনন্দবাজার