ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২:৩২:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় আসছেন আজ সন্ধ্যায়

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস আজ শুক্রবার ঢাকায় আসছেন। তিনি বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হচ্ছেন। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য জানিয়েছে। 

সূত্র জানায়, ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি ঢাকা থেকে গত ৭ জানুয়ারি বিদায় নিয়েছেন। শ্রিংলা এখন যুক্তরাষ্ট্রে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে শ্রিংলা বিদায় নেওয়ার আগেই ঢাকায় দেশটির নতুন হাইকমিশনার হিসেবে ঘোষণা দেওয়া হয় রিভা গাঙ্গুলিকে। তিনি আজ সন্ধ্যায় ঢাকা আসছেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রিভা গাঙ্গুলি। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ১৯৮৬ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগদানের আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে অধ্যাপনাও করেছেন।  আইসিসিআরের মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে তিনি নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন মিশনে তিনি কাজ করছেন।