কাদেরের খবর রাখছেন প্রধানমন্ত্রী, সন্ধ্যায় নেয়া হচ্ছে সিঙ্গাপুরে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৩ মার্চ ২০১৯ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
হানিফ সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের সুচিকিৎসার স্বার্থে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় করতে নিষেধ করেছেন। চিকিৎসায় যাতে ব্যাঘাত ঘটে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান বলেন, ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হয়েছে। এরই মধ্যে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি ওপেন করা হয়েছে। সকালের চেয়ে এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ রোববার সন্ধ্যা ৭টার ফ্লাইটে তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রফেসর মোস্তফা জামান ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে তাকে। এরইমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে কল করা হয়েছে।
এর আগে হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে সেতুমন্ত্রীকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।
এর আগে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।
