প্রাণনাশের হুমকিতে আমেরিকায় তসলিমা
প্রকাশিত : ০৭:৫৩ এএম, ৩ জুন ২০১৫ বুধবার | আপডেট: ০৭:৫৫ এএম, ৩ জুন ২০১৫ বুধবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : নিরাপত্তার খাতিরে এবার আমেরিকায় পাড়ি জমালেন লেখিকা তসলিমা নাসরিন। জানা গেছে, আল কায়দার ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে তাকে লাগাতার খুনের হুমকি দেয়া হচ্ছিল।
সেন্টার ফর ইনকোয়ারি নামে নিউইয়র্কভিত্তিক একটি সংগঠন জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী আল-কায়দা ঘনিষ্ঠ ইসলাম-ধর্মাবলম্বী কট্টরপন্থীরা তসলিমাকে হত্যা করার হুমকি দিচ্ছিল। বস্তুত এই গোষ্ঠীই সাম্প্রতিককালে তিন বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান এবং অনন্ত বিজয় দাসকে হত্যার দায় স্বীকার করেছে। প্রাণনাশের আশঙ্কা থেকেই তসলিমা ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন বলেও জানিয়েছে ওই মার্কিন সংগঠন। এখন প্রাণ বাঁচাতে অনির্দিষ্টকালের জন্য তিনি যুক্তরাষ্ট্রেই থাকতে চাইছেন।
সংগঠনটি জানায়, মুক্তচিন্তার কর্মী তসলিমা নাসরিন গত ২৭ মে নিউইয়র্কে পৌঁছেছেন। তাকে সহায়তার জন্য একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। এ জন্য গত মঙ্গলবার সংগঠনটির দাতা ও অন্যান্য সাধারণ সদস্যের কাছে আবেদনও পাঠানো হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া
