ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ০:৪৬:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মার্চজুড়ে তাপদাহ, বজ্রঝড় ও কালবৈশাখী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

সাধারণত মার্চ,এপ্রিল, মে ও জুন- এই চার মাস বাংলাদেশের প্রকৃতিতে সবচেয়ে দুর্যোগপূর্ণ মাস হিসেবে ধরা হয়। এই চার মাসেই সাধারণত শিলাবৃষ্টি, বজ্রপাত, কালবৈশাখী আঘাত হানে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে এবার সেই দুর্যোগের ঘনঘটা শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকেই। থাকবে পুরো মার্চজুড়ে।

সেই সঙ্গে মাসের শেষ দিকে মাঝারি তাপপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে। সে সময় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। ভারি বর্ষণের কারণে এ মাসেই দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

গতকাল রোববার আগারগাঁওয়ে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মার্চ মাসের পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর।  

সভা শেষে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, মার্চে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

‘এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় ও দেশের অন্যত্র ৩-৪ দিন শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে।’

তিনি জানান, এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক (৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস) অপেক্ষা সামান্য বেশি থাকার সম্ভাবনা আছে ও মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওায়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প উঠে আসায় পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণ ঘটছে। এ কারণে এবার জানুয়ারি, ফেব্রুয়ারি থেকেই বৃষ্টিপাতের ঘনত্ব ও স্থায়িত্ব বাড়ে। সাধারণত মার্চ থেকে মে পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে। তবে এবার জানুয়ারি-ফেব্রুয়ারি থেকেই বিরূপ আবহাওয়া বিরাজ করছে।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে স্বাভাবিক অপেক্ষা ১৬২ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ঢাকাতেই স্বাভাবিক ৩১ মিলিমিটার বৃষ্টিপাতের স্থলে হয়েছে ২৩১ মিলিমিটার।

এদিকে আজ সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকা পর্যন্ত বিরাজ করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ১৭ মিনিটে।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩০ দশমিক ৪ ডিগ্রি এবং আজকের সর্বনি¤œ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।