ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ ঠেকাবে রাশিয়া: ভ্যালেন্তিনা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
ভ্যালেন্তিনা মাতভিয়েংকো (বামে) ও ভ্লাদিমির পুতিন, ছবি: ইন্টারনেট
ভেনিজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ ঠেকাতে রাশিয়ার পক্ষে যা কিছু করা সম্ভব তার সবই করবে বলে জানিয়েছেন রুশ সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের চেয়ারপারসন ভ্যালেন্তিনা মাতভিয়েংকো।
মস্কোয় গতকাল রবিবার ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ভ্যালেন্তিনা মাতভিয়েংকো।
ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার জন্য যুক্তরাষ্ট্র এরইমধ্যে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছে। এ প্রসঙ্গে ভ্যালেন্তিনা বলেন, “আমরা খুবই উদ্বিগ্নি যে, যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের উসকানিমূলক কাজ থেকে শুরু করে রক্তপাত ঘটানো পর্যন্ত সবই করতে পারে যাতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ চালানো যায়। কিন্তু মস্কো সে সুযোগ দেবে না।”
গত কয়েক সপ্তাহ ধরে ভেনিজুয়েলায় রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। হুয়ান গুয়াইডোর নেতৃত্বে বিরোধীরা সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করছে। গুয়াইডো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন এবং যুক্তরাষ্ট্র তাকে স্বীকৃতি দিয়েছে। ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে উঠেছে। সূত্র : পাসর্টুডে
-জেডসি
