উপজেলা নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শতাধিক প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৮ এএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে যাচ্ছেন শতাধিক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। এর মধ্যে অর্ধশতাধিকই চেয়ারম্যান।
এ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রথম ধাপে ৩০ জন, দ্বিতীয় ধাপে অন্তত ২৫ জন, তৃতীয় ধাপে ২১ জন এবং বাকিরা চতুর্থ ধাপে একক প্রার্থী হয়েছেন। আইন অনুযায়ী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
ইসির সংশ্লিষ্টরা জানান, বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ না নেয়ায় একক প্রার্থীর সংখ্যা বাড়ছে। এছাড়া এবার দলীয় প্রতীকে ভোট হওয়ায় এ নির্বাচনে সার্বিকভাবে প্রার্থী সংখ্যা কমে এসেছে বলেও মনে করেন তারা।
ইসি সূত্রে জানা গেছে, পাঁচটি ধাপে এবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে চারটি ধাপে ৪৫৯টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে।
বাকি দুই ধাপের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় কতজন নির্বাচিত হয়েছেন, তা সুনির্দিষ্টভাবে সেই পরিসংখ্যান পাওয়া যাবে। নিয়ম অনুযায়ী, প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ১০ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটের আগেই ১৬ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান ও ৫ মহিলা ভাইস চেয়ারম্যান সব মিলিয়ে ৩০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের পদ ছাড়া বাকিগুলোয় ভোট হবে।
এরই মধ্যে সংশ্লিষ্ট উপজেলা পরিষদগুলোয় ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও জানা গেছে, প্রথম ধাপে ৮৬টি উপজেলার চেয়ারম্যান পদে ২৮৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৮৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
দাখিলের দিনই চারজন উপজেলা চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারাম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান একক প্রার্থী ছিলেন। যাচাই-বাছাইয়ে কয়েকজনের প্রার্থিতা বাতিল এবং বেশ কয়েকজন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় ওই সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়ায়।
জানা গেছে, দ্বিতীয় ধাপে ১২৪টি উপজেলায় ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওই দিনই ২০ জন একক প্রার্থী ছিলেন। তাদের মধ্যে ১৪টি উপজেলায় চেয়ারম্যান, ৫টি উপজেলায় ভাইস চেয়ারম্যান ও ৬টি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান। ওই দিনই পাবনা সদর, ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের রাউজান উপজেলার পরিষদের সবকটি পদেই একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
আরও জানা গেছে, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৪৮৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। ২৭ ফেব্রুয়ারি এ ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছে, এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর সংখ্যা আরও বেড়েছে। তবে প্রকৃত সংখ্যা জানাতে পারেননি। ১৮ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও জানা গেছে, তৃতীয় ধাপের ১২৭টি উপজেলায় ২১ জন একক প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ১০ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন। এ ধাপেও চারটি উপজেলা পরিষদের সবকটি পদেই একক প্রার্থী হয়েছেন।
সেগুলো হচ্ছে- বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নরসিংদীর পলাশ। এ ধাপের নির্বাচনেও প্রার্থিতা প্রত্যাহারের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর সংখ্যা বাড়তে পারে বলে জানান ইসির কর্মকর্তারা।
তারা জানান, চেয়ারম্যান পদে ৪৭৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৪ মার্চ তৃতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
-জেডসি
