প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান
প্রকাশিত : ০৩:০২ পিএম, ৪ জুন ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৩ পিএম, ৪ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে সরকারের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশ্ব সম্প্রদায়সহ সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’।
তিনি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বাণীতে বলেন, বাংলাদেশ উন্নয়নের এক অনন্য পরিক্রমা অনুসরণ করছে। রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে পরিবেশ অনুকূল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছি। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
শেখ হাসিনা বলেন, পৃথিবীতে এখন সাত শ’ কোটি মানুষের বাস। সীমিত সম্পদ ব্যবহার করেই পৃথিবীবাসী তাদের প্রয়োজনে কৃষি ও শিল্পের উন্নয়ন করে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি ও কলাকৌশল উদ্ভাবন করছে। জনসংখ্যার আধিক্য, প্রকৃতি ও প্রযুক্তির সংঘাতে ঝুঁকিসংকুল হয়ে উঠছে পরিবেশ ও প্রতিবেশ।
তিনি বলেন, মানুষের অপরিণামদর্শী ক্রিয়াকলাপের ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা, পৃথিবীর জলভাগের উচ্চতা, বদলে যাচ্ছে জলবায়ুর গতিপ্রকৃতি। ব্যাহত হচ্ছে টেকসই উন্নয়নের অভিলক্ষ্য। এ কারণে বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড’ গঠন করেছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিপন্নতার কথা তুলে ধরা হয়েছে। নৈসর্গিক পরিবর্তন রোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার জাতিসংঘসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সাথে একযোগে কাজ করে যাচ্ছে।
তিনি বিশ্ব পরিবেশ দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
০৪.০৬.২০১৫ 