শিশু জিহাদের মৃত্যুর মামলা পুনঃতদন্তের নির্দেশ
প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৪ জুন ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৫ পিএম, ৪ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর শাহজাহানপুরে গভীর নলকূপের পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
জিহাদের বাবার আবেদনে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশকে মামলাটি নতুন করে তদন্তের নির্দেশ দেন।
বাদীর আইনজীবী জসীম উদ্দিন খান উইমেননিউজকে বলেন, “আগেরবার শাহজাহানপুর থানা পুলিশের করা তদন্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাদ পড়ে গেছেন, যারা জিহাদকে হত্যার জন্য দায়ী। আগামী ৬ জুলাইয়ের মধ্যে নতুন তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসাতে মাটির নিচে বসানো একটি পাইপে গত ২৬ ডিসেম্বর পড়ে যায় শিশু জিহাদ। ওই গর্তটি পরিত্যক্ত হলেও তার মুখ খোলা রেখেই অন্য স্থানে কাজ চলছিল।
কয়েকশ ফুট গভীর ওই নলকূপের পাইপে শিশু জিহাদ পড়ে যাওয়ার পর তাকে উদ্ধারের অভিযান নিয়ে সারা দেশ ছিল উৎকণ্ঠায়। প্রায় ২৩ ঘণ্টা পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জিহাদের মৃত্যুর ওই ঘটনা সে সময় সারাদেশে আলোড়ন তোলে। এর জন্য দায়ীদের শাস্তিরও দাবি ওঠে। এরপর জিহাদের বাবা নাসির ফকির শাহজাহানপুর থানায় এই মামলা করেন, যাতে ওই প্রকল্পের পরিচালক রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআর এর মালিক আব্দুস সালামকে আসামি করা হয়। গত ৭ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার পরিদর্শক আবু জাফর এ মামলায় অভিযোগপত্র দেন। এতে দুই আসামির বিরুদ্ধে অপরাধজনক প্রাণনাশের অভিযোগ আনা হয়। কিন্তু জিহাদের বাবা নাসির ফকির ওই অভিযোগপত্র নিয়ে আপত্তি তুলে আদালতকে বলেন, মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তদন্ত কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দিয়েছে। তার আবেদনেই মামলাটি নতুন করে তদন্তের নির্দেশনা আসে। মামলার আসামি সালাম গত ৮ মার্চ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত। এপ্রিলের শেষদিকে তাকে জামিন দেয় আদালত। আর রেলের প্রকৌশলী জাহাঙ্গীর গত ২১ মে আদালতে আত্মসমর্পণ করেন জামিন নেন। ০৪.০৬.২০১৫