ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ২:৩৭:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ দেশে আসছেন মমতা ব্যানার্জি

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০২:৫২ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার

downloadস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের একদিন আগেই আজ শুক্রবার রাতে ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে সফরসঙ্গীদের নিয়ে রওয়ানা দেবেন মুখ্যমন্ত্রী মমতা। তার সঙ্গে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও বিশেষ সচিব গৌতম সান্যাল।
সফরকালে নরেন্দ্র মোদী ঢাকায় যে হোটেলে থাকছেন, সেই হোটেলে উঠছেন না মমতা ব্যানার্জি। তিনি তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার র্যাডিসন হোটেলে থাকবেন। আর মোদী তার সফরসঙ্গীদের নিয়ে থাকবেন সোনারগাঁও হোটেলে। তবে ঐতিহাসিক সীমান্ত চুক্তির দলিল হস্তান্তর অনুষ্ঠানে মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন মমতা। আগামীকাল শনিবার ঢাকা ছেড়ে যাবেন তিনি। সূত্রে জানা যায়, ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সম্পর্কের রেষারেষিতে মোদীর ঢাকা সফরে মমতার আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে মমতার ঢাকা সফর নিশ্চিত হলেও তিনি তার দেশের প্রধানমন্ত্রীর সফরের এক দিন আগে আসছেন, আবার ঢাকা ছেড়ে যাবেন প্রধানমন্ত্রীর ফেরার এক দিন আগে। কূটনৈতিক সূত্রে জানা যায়, তিস্তার পানি চুক্তিতে আপত্তি থাকলেও দুই দেশের সম্পর্কোন্নয়নে কিছু ঘোষণা আসতে পারে মমতার পক্ষ থেকেও।
০৫.০৬.২০১৫