স্বাধীনতা পদক পাচ্ছেন তিনজন নারী
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পদক পাচ্ছেন তিনজন নারী। সর্বমোট ১২জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
এবছর স্বাধীনতা পদকপ্রাপ্ত নারীরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে: ডা: কাজী মেজবাহুন নাহার, চিকিৎসাবিদ্যায়- ব্রিগেডিয়ার জেনারেল ডা. নূরুন্নাহার ফাতেমা বেগম, গবেষণা ও প্রশিক্ষণে-অধ্যাপক ড. হাসিনা খাঁন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে ২০১৯ সালের ‘স্বাধীনতা পদক’ তুলে দেবেন।
স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পদক দিয়ে আসছে।
