কেবিনে স্থানান্তর করা হলো ওবায়দুল কাদেরকে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ বুধবার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে তার বাইপাস সার্জারীর প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকগণ।
আজ বুধবার সকালে এ তথ্য জানান, সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরে চিকিৎসার সমন্বয়ক এসএমএমইউ`র পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।
তার বরাতে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের জানান, সেতুমন্ত্রীর শারিরীক অবস্থা ভালো। তাকে সকাল থেকে নরম খাবার দেয়া হচ্ছে। এছাড়া সকালে মেডিকেল বোর্ডের সদস্য কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।
এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।
এর আগে দুদফা বলা হয়েছিল ওবায়দুল কাদেরকে কেবিনে নেয়া হতে পারে। কিন্তু তাকে নেয়া হয়নি। অবশেষে আজ তাকে কেবিনে স্থানান্তর করা হল।
৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন।
গত রোববার (৩ মার্চ) সকাল ৭টায় ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন ওবায়দুল কাদের। তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সিসিইউর ২ নম্বর বেডে লাইফসাপোর্টে চিকিৎসা দেয়া হয় তাকে।
পর দিন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত দেয় ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত বিএসএমএমইউর মেডিকেল বোর্ড। ওই দিনই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে মাউন্ট এলিজাবেথে এনে ভর্তি করা হয়।
-জেডসি
