ফকিরহাটে বাসচাপায় কলেজ ছাত্রীসহ নিহত ২
প্রকাশিত : ০৭:০৫ এএম, ৬ জুন ২০১৫ শনিবার | আপডেট: ০৭:০৫ এএম, ৬ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড়ে বাসচাপায় কলেজ ছাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।
শনিবার (৬ জুন) সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ওবায়দুল (২৫) নামে একজনের নাম জানা গেছে। নিহত অপরজন কলেজছাত্রী বলে জানা গেলেও তার নাম জানা যায়নি।
আহত চারজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ফরাজী বলেন, সকালে গোপালগঞ্জ থেকে বাগেরহাটগামী একটি বাস বিশ্বরোড মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মোটরসাইকেল ও ভ্যানকে চাপা দেয়।
এতে এক কলেজছাত্রীসহ ছয়জন গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওই কলেজছাত্রীকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল নামে আরো একজনের মৃত্যু হয়।
হতাহতরা পথচারী এবং মোটরসাইকেল ও ভ্যানযাত্রী। বাসটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।
০৬.০৬.২০১৫ 