ক্রাইস্টচার্চে হামলা: দুই নারীসহ নিহত বাংলাদেশীর সংখ্যা বেড়ে ৩
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন বাংলাদেশী নিহত হয়েছেন বলে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন। এদের মধ্যে দুইজন নারী।
দূতাবাসের অনারারী কনসাল শফিকুর রহমার ভুইয়া এর আগে বিবিসি বাংলাকে জানান, দু'জন বাংলাদেশীর পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হয়েছিলেন।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় তিনি জানান, আরও একজনের মৃত্যু কথা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আবদুস সামাদের স্ত্রী। যাকে এর আগে নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তিনি এ হামলায় প্রাণ হারান।
ড. আবদুস সামাদ স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। এর আগে ড. সামাদ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বলে জানান শফিকুর রহমার ভুইয়া।
নিহত আরেকজনে পরিচয় সম্পর্কে শফিকুর রহমার বলেন, নিহত হোসনে আরা ফরিদ একজন গৃহবধূ ছিলেন।
মসজিদে হামলার ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশী আহত হয়েছে বলে বাংলাদেশের দূতাবাস এখন পর্যন্ত খবর পেয়েছে। এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর বলে জানান শফিকুর রহমার।
ঘটনার পরপর দু'জন নিখোঁজ থাকার কথা জানিয়েছিলেন তিনি। এদের একজন ছিলেন ড. আবদুস সামাদের স্ত্রী। ফলে এখন আর একজন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা বলছেন।
আল নূর মসজিদে জুমার নামাজ পড়তে অনেক মুসলমান জড়ো হয়েছিলেন। এমন সময়ে সেখানে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, মসজিদে হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। কিন্তু এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জন।
শফিকুর রহমার ভুইয়া আগামীকাল ক্রাইস্টচার্চে যাবেন বলে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে।
দূতাবাস বলছে, যে কোন তথ্য বা সাহায্যের জন্য ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা যাবে। জরুরী যোগাযোগের জন্য যে দুটো নম্বরে ফোন করা যাবে, সেগুলো হলো +৬১ ৪২৪ ৪৭২৫৪৪ এবং +৬১ ৪৫০১ ৭৩০৩৫।
সূত্র : বিবিসি বাংলা অনলাইন
