নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদি নারীরা চালকের আসনে
প্রকাশিত : ০৮:২৭ এএম, ২৮ অক্টোবর ২০১৩ সোমবার | আপডেট: ০৮:২৭ এএম, ২৮ অক্টোবর ২০১৩ সোমবার
ডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কম
ঢাকা : নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কয়েকজন নারী শনিবার গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন৷ সৌদি আরবে নারীর গাড়ি চালানোর অধিকার আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ কাজ করেন৷
দেশটিতে নারীর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে৷ কেউ তা অমান্য করলে তাকে গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি করারও বিধান রয়েছে৷
সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর পাঁচটি ভিডিও শনিবার সকালে ইন্টারনেটে আপলোড করা হয়৷ রিয়াদ ও জেদ্দা থেকে এসব ভিডিওচিত্র ধারণ করা হয় বলে দাবি করা হয়েছে৷
শনিবারের কর্মসূচি আয়োজকদের একজন রয়টার্সকে বলেন, আজ সকালে গাড়ি চালিয়েছেন এমন বেশ কয়েকজন নারীর কথা আমি জানি৷ আমরা পরে তাদের ভিডিও পোস্ট করবো৷
রিয়াদ থেকে মাই আল-সাইয়ান নামের এক নারী বিবিসিকে বলেন, আমি গাড়ি নিয়ে বাসার কাছের একটি মুদি দোকানে গিয়েছিলাম৷ আমার কোনো রকম সমস্যা হয়নি৷ এ সময় আমার সঙ্গে একজন সাংবাদিকও ছিল৷
এদিন গাড়ি চালিয়েছেন এমন তিনজন নারীকে ব্যক্তিগতভাবে চেনেন বলেও জানান সাইয়ান৷
গাড়ি চালানোয় তাকে কোনো বাধার মুখে পড়তে হয়নি জানিয়ে এই সৌদি নারী বলেন, আশা করছি নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে৷
এদিকে বেশ কয়েকজন নারী জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন পাওয়ার পর তারা আর গাড়ি নিয়ে বের হননি৷
গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৯৯০ সালের পর তৃতীয় দফায় শনিবার কর্মসূচি পালন করলো সৌদি নারীরা৷
এর আগে এ ধরনের কর্মসূচির অংশ হিসেবে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়৷ শাস্তি হিসেবে চাকরিও হারান অনেকে৷ তবে এবার তেমন কোনো খবর পাওয়া যায়নি৷
সমপ্রতি দেশটিতে নারীর গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে একটি আবেদনে সই করেন প্রায় ১৭ হাজার মানুষ৷
২৬ অক্টোবর'২০১৩ 