ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১১:৫৩:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেদারল্যান্ডে হামলাকারী গোকমেন তানিস গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

নেদারল্যান্ডের ইউট্রেখটে সোমবার ডাচ পুলিশ তুরস্কে জন্ম নেয়া সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে। ওই হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্মকর্তারা একে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে দেখছেন।

পুলিশ এর আগে সন্দেহভাজন গোকমেন তানিস (৩৭) কে ধরতে বড় ধরনের অভিযান শুরু করে। এ সময় তারা সন্দেহভাজনের ছবি প্রকাশ করে জনসাধারণকে তার থেকে দূরে থাকতে পরামর্শ দেয়।

হত্যাযজ্ঞের পর নেদারল্যান্ডের চতুর্থ বৃহত্তম নগরীটিতে মসজিদ ও স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়।

একটি ভবনকে চারদিক থেকে ঘেরাও করে ভারী অস্ত্রধারী কর্মকর্তারা হামলাকারীকে গ্রেফতার করে।

ডাচ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই ঘটনার কারণ বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

তবে প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন, তদন্ত কর্মকর্তারা পারিবারিক কলহসহ অন্য যে কোন কারণ খতিয়ে দেখবে।

ইউট্রেখট পুলিশের প্রধান রব ভ্যান ব্রি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এইমাত্র জানতে পারলাম যে যাকে আমরা খুঁজছি তাকে গ্রেফতার করা হয়েছে।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী রুটগার জেউকেন বলেন, ‘মনে হচ্ছে এটি একটি সন্ত্রাসী হামলার ঘটনা।’

২৪ ওকটোবরপ্লেইনের কাছে এ হামলা চালানো হয়। এক প্রত্যক্ষদর্শী সম্প্রচারকেন্দ্র এনওএস কে জানায়, তারা এক আহত নারীকে ট্রাম থেকে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসতে দেখেন।

হামলার প্রায় সাতঘন্টা পর ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে।