পরিবেশ সংরক্ষণে অবদান রাখায় সম্মাননা পেলেন সাতক্ষীরার ময়না রানী
প্রকাশিত : ১২:০৭ পিএম, ৭ জুন ২০১৫ রবিবার | আপডেট: ১২:০৭ পিএম, ৭ জুন ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সাতক্ষীরা : পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন জেলার শ্যামনগর উপজেলার তালবাড়ীয়া গ্রামের গৃহিনী ময়না রানী মন্ডল (৫৫)।
পরিবেশবান্ধব চুলা সম্প্রসারণ করে কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখায় শুক্রবার খুলনা অফিসার্স ক্লাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামালের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ ময়না রানী মন্ডলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
লোকায়ত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব চুলা তৈরি করে বিশেষ সফলতা অর্জন করেন ময়না রানী মন্ডল। এরপর দীর্ঘ ১৫ বছর ধরে তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটা, সাতক্ষীরা সদর ও খুলনা জেলার কয়রা উপজেলার শতাধিক গ্রামের প্রায় ৬ হাজার পরিবারে তৈরি করে দেন পরিবেশবান্ধব চুলা।
জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, ক্ষতিকর কার্বন নিঃসরণ ও নারী স্বাস্থ্য রক্ষার বিষয়ে ময়না রানী মন্ডলের পরিবেশ বান্ধব চুলা দেশের দক্ষিণাঞ্চলে বেশ আলোচিত।
০৭.০৬.২০১৫ 