আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষ শান্তিতে থাকতে পারছে। আমাদের সরকার দারিদ্রের হার ৪২ শতাংশ থেকে ২১ শতাংশে নামিয়ে এনেছে। আমরা দারিদ্রের হার শুন্যের কোটায় নামিয়ে চাই, এবং এই সরকার ক্ষমতায় থাকলে সেটিও সম্ভব হবে ইনশাআল্লাহ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দফতর কুর্মিটোলার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন র্যাব ফোর্সেস’র একটি চৌকস দল।
প্রধানমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ও র্যাবের যে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে সারাদেশে। দেশ শতভাগ মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, যদিও কোনো দেশের পক্ষেই শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে আমাদের সরকারের একটা দায়িত্ব হলো এই দুর্নীতি প্রতিরোধ করা যাতে এটি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে এবং আমাদের সকল সাফল্য ম্লান করে না দেয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশে যদি আমরা শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে পারি তাহলে দেশে বৈদেশিক বিনিয়োগ আসবে এবং দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আমাদের সরকার গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন করেছে। এই উন্নয়নের সুফল যাতে তৃণমুল পর্যায়ের জনগণও সমানভাবে ভোগ করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মধ্য দিয়ে সূচনা হয় র্যাবের। পুলিশ সদস্য ছাড়াও সেনা, নৌ ও বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সরকারের বেসামরিক প্রশাসনের বাছাই করা চৌকস কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত হয় এ বাহিনী।
-জেডসি
