বিষাক্ত দই খেয়ে সন্তানসহ দম্পতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৫ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
নওগাঁয় দই খাওয়ার পর বিষক্রিয়ায় একই পরিবারের তিনজন মারা গেছে। শনিবার ভোর রাতে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের জোতহরী গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-অর্জুন (৩২), তার স্ত্রী তিথী (২৫) এবং তাদের আড়াই বছরের মেয়ে অনন্যা সরকার।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার বাজার থেকে অর্জুন দই কিনে আনেন। রাতে দই খাওয়ার পর ঘুমের মধ্যে তাদের পেটে সমস্যা দেখা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে অনন্যা মারা যায়। এরপর আজ শনিবার ভোরে স্বামী ও স্ত্রী মারা যান। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় উত্তরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
-জেডসি
