ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১২:৫৬:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে কিনা খতিয়ে দেখতে হবে: মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০২ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে নাশকতা আছে কিনা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ শনিবার ডিসিসিআই অডিটরিয়ামে ‘নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা, চকবাজার পরবর্তী প্রস্তুতি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
 
সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোন নাশকতা আছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

অনেক সময় ব্যবসায়ীদের মধ্যে মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন মেয়র খোকন।

অগ্নিকাণ্ডে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার সুবিধার্থে পুরানো ঢাকার বাবুবাজার এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ফায়ার ব্রিগেডের মহাপরিচালককে অনুরোধ জানান।
 
জাতীয় অর্থনীতিতে পুরনো ঢাকার ব্যবসায়ীদের অবদানের কথা স্মরণ করে মেয়র বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে নগর কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ। তবে ব্যবসায়ীরা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং কোন হয়রানির মধ্যে না পড়েন সেটাও দেখা হবে। নিরপরাধ কোন ব্যক্তির প্রাণহানি যেন না ঘটে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।

জীবনের বিনিময়ে কোন ব্যবসা নয় বলে তিনি পুনরায় তার দৃঢ় প্রতিজ্ঞার কথা তুলে ধরেন।

মেয়র সাঈদ খোকন অতি দাহ্য ৩৫টি পদার্থ টিসিবি এর মাধ্যমে আনার ব্যাপারে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআর এর সাথে সমন্বয়ের জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন।
 
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক সাজ্জাদ হোসাইন, ব্যবসায়ী আরিফ হোসেন, ওয়াকার আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

‘নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা: চকবাজার পরবর্তী প্রস্তুতি’ শীর্ষক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীফ কেমিক্যাল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ইঞ্জি. সিরাজুর রহমান।