ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এইচএসসিতে প্রশ্নফাঁসের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

এসএসসির মতো এইচএসসিতেও প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

গুজর ছড়ানোর অপকর্মের সঙ্গে কারো সম্পৃক্ততার প্রমাণ পেলে তাদের কঠোর আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দেন।

আজ শনিবার বিকেলে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে শুধুমাত্র অবকাঠামো নয়, শিক্ষা পদ্ধতিতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। দেশের শিক্ষা উন্নয়নে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও পরামর্শে আমরা নিরন্তর কাজ করছি।’

মন্ত্রী বলেন, ‘শুধু শিক্ষা ও বিজ্ঞানে নয়, শিক্ষার্থীদের মানবিকভাবেও সমৃদ্ধ হতে হবে।’ এর জন্য শিক্ষিত তরুণদেরকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ আকরাম হোসাইনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- কৃষি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ মুফাখখারুল ইসলাম, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রমুখ।