স্লোভাকিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট জুজানা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১০ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
সরকারের ঘোর সমালোচক, পরিবেশ বিষয়ক আইনজীবী ও দুর্নীতিবিরোধী নারী কর্মী জুজানা কাপুতোভাকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলো স্লোভিকিয়ার মানুষ। শনিবার নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর তার বিজয় নিশ্চিত হয়ে পড়ে। এতে করে স্লোভাকিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি।
নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়েছেন জুজানা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন সার-এসডি দলের বর্ষীয়ান রাজনীতিক মারোস সেফকোভিচ পেয়েছেন ৪২ শতাংশ ভোট। তবে এবারের নির্বাচনের দৌঁড়ে ছিলেন না বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ কিস্কা। রাজনৈতিক অভিজ্ঞতা শূণ্য ৪৫ বছর বয়সী জুজানা পরিবেশ বিষয়ক আইনজীবী হিসেবেই বেশি পরিচিত। তবে এই নির্বাচনকে ভালো ও মন্দের দ্বন্দ্ব হিসেবে তুলে ধরেছিলেন। স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পদটি অনেকাংশেই আনুষ্ঠানিক।
গত বছর একজন অনুসন্ধানী সাংবাদিকের খুনের ঘটনা এ নির্বাচনে প্রভাব ফেলেছিল। সাংবাদিক ইয়াং কুচিয়াক পরিকল্পিত অপরাধগুলোর সঙ্গে রাজনীতিবিদের সম্পর্ক নিয়ে অনুসন্ধান করছিলেন। তার এ অনুসন্ধান চালাকালে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নিজের হবু স্ত্রীর সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়। কুচিয়াকের হত্যাকাণ্ড নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন কাপুতোভা।
দুই সন্তানের জননী জুজানা কাপুতোভার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি সমকামী অধিকার প্রতিষ্ঠা এবং গর্ভপাতের ওপর স্লোভাকিয়ার নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছেন।
-জেডসি
