জনসনের বেবি শ্যাম্পুতে ক্যানসারের বীজ!
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্র ভিত্তিক বিখ্যাত প্রসাধনী নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের বেবি শ্যাম্পুতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান (ফরমালডিহাইড) পাওয়া গিয়েছে। ভারতের রাজস্থানের রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ এই প্রমাণ পাওয়ায় নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার। যদিও পণ্যটি নিরাপদ বলেই দাবি করেছে নির্মাতা সংস্থাটি। খবর এই সময়ের।
সম্প্রতি জনসন অ্যান্ড জনসন নির্মিত 'নো মোর টিয়ার্স' বেবি শ্যাম্পুর দুটি ব্যাচের পণ্যে ক্ষতিকর রাসায়নিক ফরমালডিহাইডের উপস্থিতি থাকায় বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজস্থান প্রশাসন।
বাড়ি নির্মাণের বিবিধ উপকরণ এবং কাঠ জোড়া লাগানোর কাজে ব্যবহৃত ফরমালডিহাইড মানব শরীরে ক্যানসার সৃষ্টির অন্যতম উপাদান। এই কারণে জনসন ব্র্যান্ডের বেবি শ্যাম্পুর মান যাচাইয়ের জন্য ভারতের কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার জেনারেলকে চিঠি পাঠিয়েছেন রাজস্থানের ড্রাগস কন্ট্রোলার।
চিঠিতে উল্লেখিত সংস্থার তৈরি বেবি শ্যাম্পুর নির্দিষ্ট ব্যাচগুলি অবিলম্বে বিপণী থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন।
রাজস্থান ড্রাগ কন্ট্রোলারের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, পণ্যে ফরমালডিহাইডের উপস্থিতি রয়েছে বলে যে দাবি করা হয়েছে, তার সঙ্গে আমরা একমত নই।
-জেডসি
