ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩০:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেঘনায় ট্রলারডুবি: নারী আনসার সদস্যের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন দুইজন।

সোমবার সকালে উপজেলার চরহোগলা এলাকা সংলগ্ন মেঘনা নদীর পূর্ব পাড় থেকে রিতা আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়।  

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা ফেরার পথে উপজেলার চরকিশোরগঞ্জ-চরহোগলা এলাকার মেঘনা নদীতে ডুবে যায় ওই ট্রলারটি।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য, এক মাদ্রাসা শিক্ষক ও ১০ জন আনসার সদস্যসহ প্রায় ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির  জানান, প্রিজাইডিং অফিসারসহ দুজন এখনও নিখোঁজ থাকায় তাদের উদ্ধারে কাজ চলছে। রিতা আক্তার নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

-জেডসি