ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১২:৫৬:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ রাতে পবিত্র শবে মেরাজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ বুধবার (২৬ রজব) দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। সেখানে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম মেরাজের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করবেন। এতে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম সভাপতিত্ব করবেন।

শবে মেরাজের রাতে হজরত মুহাম্মদ (সা.) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেন এবং রবের সঙ্গে সাক্ষাৎ করেন। এই রাতটি মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে  উদযাপন করেন।

ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ, মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে প্রিয় নবী (সা.) নিয়ে আসেন। এই রাতেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়।

হজরত মুহাম্মদের (সা.) নবুওয়াত লাভের একাদশ বৎসরের (৬২০ খ্রিষ্টাব্দ) রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাতে মুহাম্মদ (সা.) প্রথমে কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমণ করেন এবং সেখানে তিনি নবীদের জামায়াতে ইমামতি করেন।

অতঃপর তিনি বোরাক নামক বিশেষ বাহনে উঠে ঊর্ধ্বলোকে গমণ করেন। ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহ`র সাক্ষাৎ লাভ করেন। এই সফরে ফেরেশতা জিবরাইল (আ.) তার সফরসঙ্গী ছিলেন।

-জেডসি