ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৩:২৪:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তরুণদের কর্মসংস্থান তৈরিই আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করাই এখন আমাদের মূল লক্ষ্য। বর্তমানে বাংলাদেশের অনেক ছেলেমেয়ে বিদেশে পড়াশোনা শেষে দেশে এসে ব্যবসার হাল ধরছে। শিল্পায়ন নিয়ে কাজ করছে। এভাবেই এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে দেশের বিভিন্ন জায়গায় ৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমার মূল লক্ষ্যই এখন কর্মসংস্থান তৈরি করা, দারিদ্র্য বিমোচন করা। এসব পদক্ষেপেই দেশের জিডিপি এখন ৮ দশমিক ৩ শতাংশে পৌঁছে গেছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যে একটি দেশের উন্নয়ন সম্ভব, সেটি আমরা গত ১০ বছরে প্রমাণ করেছি। যখন আমরা সরকার গঠন করি, তখন ছিল বিশ্বে অর্থনৈতিক মন্দা- আমরা সেই সময় প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হই।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কথা স্মরণ করে বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়তে জাতির পিতা যা যা করার প্রয়োজন, তাই করে গেছেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি প্রতিটি উন্নয়নের শুরুটা করেছিলেন। তিনি ক্ষুধামুক্ত বাংলাদেশ করতে চেয়ে দেশ স্বাধীন করেছিলেন। অবহেলিত শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন করাই ছিল জাতির জনকের উদ্দেশ্য। দেশ স্বাধীন হয়েছে বলেই চাকরি-বাকরি, ব্যবসাবাণিজ্য বাংলাদেশ এখন উন্নতি করতে পেরেছে।

তিনি বলেন, প্রায় এক দশক রাষ্ট্রক্ষমতায় থাকার ফলে আমাদের যে অর্থনৈতিক পরিকল্পনা ছিল, তা করতে পেরেছি। শিল্পায়ন ছাড়া একটি দেশের অর্থনীতি কখনও বিকশিত হয় না। ১০০টা অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা হয়েছে। যেন কৃষিজমি নষ্ট না করে শিল্প বিকশিত করা যায় সেই চেষ্টা করেছি।

প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমেছে। জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ১ শতাংশ অর্জন করেছি। এভাবেই সমগ্র বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনায় রয়েছে।


-জেডসি