ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৮:০৩:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শব্দবাণে পরস্পরকে ঘায়েলের চেষ্টা মোদি-মমতার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই কটাক্ষ উক্তি আর নতুন নতুন নামকরণ মাধ্যমেই যেন পরস্পরকে ঘায়েল করতে চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার তুঙ্গে থাকা এই দুই নেতাই বুধবার পশ্চিমবঙ্গের ভিন্ন ভিন্ন স্থানে জনসভা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন দুটি জনসভায় বক্তব্য রাখেন। একটি ছিলো শিলিগুড়ির কাওয়াখালিতে আর অপরটি ছিলো ব্রিগেডে। সভায় মোদির বক্তব্যে উঠে এসেছে কেন্দ্রীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গ কতোটা গুরুত্বপূর্ণ। শিলিগুড়ির সভামঞ্চে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে বাংলার উন্নয়নে স্পিড ব্রেকার আখ্যা দিয়ে তার দশকে তুলোধুনো করেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী মোদির হুলফুটানো কথার পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নেননি মমতা ব্যানার্জী। দিনহাটায় জনসভায় মোদিকে ‌‘এক্সপেয়ারি বাবু’ নামও দিয়ে দেন। ক্ষিপ্ত মেজাজে বলেন, `লজ্জা হয়, ঘৃণা হয় এরকম একজন প্রধানমন্ত্রী পাওয়ার জন্য। বাংলাকে চেনেন না আপনি। মানুষ আপনাকে জেলে বেঁধে নিয়ে যাবে।`

পাকিস্তানে হামলা হলে মমতা কাঁদেন, মোদির এমন আক্রমণের জবাবে মমতা বলেন, `দেশপ্রেমের সার্টিফিকেট আপনার থেকে নেব না।`

বুধবার দিনহাটার জনসভায় উত্তরবঙ্গের চা বাগান, ছিট মহল, স্বাস্থ্য-শিক্ষা পরিষেবা সব কিছু নিয়েই মোদীকে বিঁধেছেন মমতা। শুধু তাই নয় সরাসরি বিতর্কের আহ্বানও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

-জেডসি