পল্লবীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা
প্রকাশিত : ০৯:০৮ এএম, ১২ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০৩:২৯ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর পল্লবীতে যৌতুকের দাবিতে মিতু (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী সবুজ মিয়া (৩০) পলাতক রয়েছেন।
সবুজ, বরিশাল জেলার নবগ্রামের মো. আবু কালামের ছেলে।
শুক্রবার (১২ জুন) ভোর ৪টায় পল্লবীর প্যারিস রোডের বাসা ১০৬, লাইন ১৮, ব্লক খ’র টিটু মিয়ার টিনশেড বস্তিতে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শাহীন উইমেননিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে সবুজ তার স্ত্রী মিতুকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ বস্তাবন্দী করে বস্তির সামনে ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে পল্লবী থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুপুর ১২টায় ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে নিহতের স্বামী সবুজ মিয়া পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী) ২০০৩’র ১১ ক/৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪৪।
এ বিষয়ে নিহতের চাচা মো. নিজাম গাজী জানান, যৌতুকের টাকা দাবি করে সবুজ মিয়া প্রায়ই মিতুকে মারধর করতো। তারা এ বস্তিতে গত তিন মাস ধরে বসবাস করে আসছিল। তাদের ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
১২.০৬.২০১৫ 