ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৮:০২:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাস খাদে পড়ে মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ায় বাস খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন, এরমধ্যে ছয় জনই বাংলাদেশি এবং আহত হয়েছেন আরও ৩৪ জন। গতকাল রবিবার একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিক বহনকারী ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে সার্ডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১টার দিকে এই ঘটনায় গুরুতর আহত এক বিদেশি ও স্থানীয় বাস চালক মারা যান।

কেএলআইএ ওসিপিডি সহকারী কমিশনার জুলকিফলি আদমশাহ বলেন, বাসটি দুর্ঘটনার সময় ৪৩ জন শ্রমিক বহন করছিল। তারা এমএএস কার্গোতে চুক্তি ভিত্তিক কাজ করতেন।

তিনি আরও জানান, গুরুতর আহত বাকি ৩৪ জনকে চিকিৎসার জন্য কাজাং, সার্ডাং ও পুত্রাজায়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

নিহতরা হলেন- মোহাম্মদ সোহেল, মো. মমিন, আল আমিন, রাকিব মহসিন, গোলাম ও রামু চৌধুরী।

দুর্ঘটনাস্থলে দমকল, বেসামরিক প্রতিরক্ষা, স্বাস্থ্য বিভাগ ও এমএএস কার্গো কমপ্লেক্সের অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। দক্ষিণ সেলাঙ্গর দমকল বিভাগের প্রধান ফাদিল সালেহ জানান, রাত ১১টা ১৬ মিনিটে দুর্ঘটনার খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করা হয়। যাত্রীদের বের করে আনতে বাসের অনেক অংশ কাটতে হয়েছে। পুরো উদ্ধার তৎপরতা শেষ করতে এক ঘণ্টা সময় লেগেছে।

-জেডসি